বিশেষ প্রতিনিধি, nipon।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে যুক্ত না হওয়ায় তাদের জন্য ছেড়ে দেওয়া ৪৭টি আসন এখনও ফাঁকা রয়েছে। এসব আসনে আগামী দু’এক দিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “আজ-কালকের মধ্যেই বাকি ৪৭টি আসনে ১০ দলীয় জোটের প্রার্থিতা চূড়ান্ত করা হবে।”
এর আগে শুক্রবার তিনি জানিয়েছিলেন, জোটের লিয়াজোঁ কমিটি আলোচনার মাধ্যমে প্রস্তাব তৈরি করবে এবং পরে শীর্ষ নেতারা তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এখনও পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে।
বাকি ৪৭টি আসনে কোন দল কতটি পাবে এবং কারা প্রার্থী হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও আলোচনা চলছে। জোট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।