বিশেষ প্রতিনিধি, nipon।।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ জনসভা আয়োজন এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শনের অভিযোগে তাকে এ তলব করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, চলতি জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে একটি বৃহৎ মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে নির্বাচনী সভা করেন রুমিন ফারহানা, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে চিঠিতে অভিযোগ করা হয়। এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে হুমকিসূচক বক্তব্য দেন—
‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’
চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানা জনসমক্ষে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং তার কর্মী-সমর্থকেরা মারমুখী আচরণ করেন। এতে ‘মব’ বা গণজমায়েত সৃষ্টি হয়ে বিচারিক কাজে বাধা এবং সরকারি কর্মকর্তাকে হুমকির পরিস্থিতি তৈরি হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার স্বার্থে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।