বিশেষ প্রতিনিধি, nipon।।
দলের অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন ফাস্ট বোলিংয়ের অতিরিক্ত চাপের কারণে পিঠের নিচের অংশে লাম্বার বোন সৃষ্ট ক্ষুদ্র ফাটলের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না প্যাট কামিন্স।
২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের আগেই ইনজুরিতে পড়েন তিনি। দীর্ঘ পুনর্বাসনের পর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তন করলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক। পাঁচ টেস্টের মধ্যে চারটিতে মাঠের বাইরে থাকলেও সেই ম্যাচে ছয় উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ দুই টেস্টে তাকে আবারও রাখা হয় বিশ্রামে ।
শুরুতে কামিন্সএর ব্যাপারে আশাবাদী থাকলেও এবার বাস্তবসম্মত অবস্থানে অস্ট্রেলিয়া দল। দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‘প্যাটের অবস্থা অন্যদের থেকে আলাদা তাই আমরা চাই ওকে সর্বোচ্চ সময় দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলতে যেন সে বিশ্বকাপে টুর্নামেন্টের তৃতীয় বা চতুর্থ ম্যাচে দলে যোগ দিতে পারে।
কামিন্সের পিঠের চোটের দীর্ঘ ইতিহাস থাকায় তাই তাড়াহুড়ো করে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। প্রয়োজনে বিকল্প ভাবতেও প্রস্তুত তারা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেরিতে দলে যোগ দিয়েও অস্ট্রেলিয়াকে শিরোপা জয়ে ট্রাভিস হেড যেমন বড় ভূমিকা রেখেছিলেন তেমনি কামিন্সের ক্ষেত্রেও কিছু ঘটবে বলে আশাবাদী অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট মহল শুরুর ম্যাচগুলোতে অধিনায়ককে না পাওয়াটাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে।