বিশেষ প্রতিনিধি, nipon।।
মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ওষুধ ও অনুমোদনহীন স্বাস্থ্যপণ্য জব্দ করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স (অঞ্চল-৩)। এ ঘটনায় একটি গুদামের দায়িত্বে থাকা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুয়ান্তান–সুঙ্গাই লেম্বিং রোডে অবস্থিত একটি গুদামে এই অভিযান পরিচালনা করা হয়।
মেরিন পুলিশ অঞ্চল-৩-এর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুলাফেন্দি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গুদামটিতে হানা দেয়। তল্লাশিকালে সেখানে ১১ ধরনের বিভিন্ন বিদেশি ওষুধ ও স্বাস্থ্যপণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩৭১ বক্স বিভিন্ন ধরনের ওষুধ এবং ৭৫০ কার্টন এনার্জি ড্রিংক। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার ৪০৫ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করা হলেও সেগুলোর জন্য মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা ফার্মাসি বিভাগের কোনো বৈধ অনুমোদন নেওয়া হয়নি।
কমান্ডার জুলাফেন্দি আরও জানান, জব্দকৃত মালামাল এবং আটক বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ১৯৫২ সালের বিষ আইন, ওষুধ ও প্রসাধনী নিয়ন্ত্রণ বিধিমালা এবং ১৯৮৩ সালের খাদ্য আইনের অধীনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মালয়েশিয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অনুমোদনহীন ওষুধ ও স্বাস্থ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।