বিশেষ প্রতিনিধি, nipon।।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।গত ১৭ জানুয়ারি গাজায় বোর্ড অব পিসে পাকিস্তানকে প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানালে সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এই পরিষদে অন্তর্ভুক্ত হচ্ছে দেশটি। ইসলামাবাদ আশা করছে, এই বোর্ড গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথাযথ পদক্ষেপ নেবে।
বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক সম্মেলন দাভোস সম্মেলনে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যোগ দিয়েছেন। দেশটির সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও রওনা হয়েছেন দাভোসের উদ্দেশে এমনটাই জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধানের দাভোস সফরের ব্যাপারে আরও বিস্তারিত জানতে আইএসপিআর এর সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও আইএসপিআরের তরফ থেকে এ ইস্যুতে কোনো সাড়া পাওয়া যায়নি।
গত ২৯ সেপ্টেম্বর গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে ২০টি দফা সম্বলিত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’এর নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস। হামাস এবং ইসরায়েল উভয়ে সম্মতি জানানোর পর ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হয় সেই শান্তি পরিকল্পনা।