বিশেষ প্রতিনিধি, nipon।।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বন্ধ করে দিতে হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য জানায় । ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর টেপকোর অধীনে কোনো চুল্লি পুনরায় সচল করার প্রথম উদ্যোগ ছিল এটি।
কেন্দ্রটির ৬ নম্বর চুল্লি দীর্ঘ প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২ মিনিটে চালু করার সময় হঠাৎ মনিটরিং ব্যবস্থায় সতর্ক সংকেত দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তা বিধি মেনে। টেপকোর মুখপাত্র তাকাশি কোবায়াশি জানান, বর্তমানে চুল্লিটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা ঘটেনি।
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়াতে উৎপাদন ক্ষমতা ৮ দশমিক ২ গিগাওয়াট। জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে জাপান সরকার ধীরে ধীরে পারমাণবিক শক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। ফুকুশিমা দুর্ঘটনার পর জাপানের সব পারমাণবিক চুল্লি বন্ধ রাখা হয়েছিল।