বিশেষ প্রতিনিধি, nipon।।
ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ও শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ফলপ্রসূ আলোচনার পর জেলেনস্কি এই ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিল,তার পরিপ্রেক্ষিতে এ ত্রিপক্ষীয় বৈঠকটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলেছে আল জাজিরার এক প্রতিবেদন।
আবুধাবির এই বৈঠককে একটি ‘উৎসাহব্যঞ্জক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির শর্তাবলির পাশাপাশি যুদ্ধপরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন নিয়েও একটি চুক্তির খসড়া প্রায় প্রস্তুত করা হয়েছে। শান্তি আলোচনার অগ্রগতি এখন একটি মাত্র অমীমাংসিত ইস্যুতে এসে ঠেকেছে এবং এটি সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
জানাগছে ইতিমধ্যে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তাঁরা সরাসরি আবুধাবিতে গিয়ে ত্রিপক্ষীয় ‘মিলিটারি টু মিলিটারি’ বা সামরিক পর্যায়ের ওয়ার্কিং গ্রুপে অংশ নেবেন।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে যুদ্ধের অবসানে ট্রাম্পের এই প্রচেষ্টাকে স্বাগত জানালেও ইউক্রেনের জন্য ক্রমাগত সামরিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনা চললেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ হয়নি এবং শান্তি খুব দ্রুত আসবে না। তবে ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আবুধাবিতে শুরু হতে যাওয়া এই প্রথম ত্রিপক্ষীয় বৈঠকটি বিশ্ববাসীকে একটি শান্তিপূর্ণ সমাধানের স্বপ্ন দেখাচ্ছে।