বিশেষ প্রতিনিধি, nipon।।
ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, তবে এসব প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি এ ধরণের নেতাদের শেষ দিন হবে।
ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট দেবেন না এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন, যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের উন্নয়ন সম্ভব করতে পারেন।
এনসিপি আহবায়ক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও প্রকাশ করেন।