বিশেষ প্রতিনিধি, nipon।।
ইমামদের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি মাসের ২৮ তারিখ এই প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশ পরিবর্তন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে বিসমিল্লাহ নেই এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। গুম, খুন ও নৈরাজ্যের যুগে ফিরে যেতে না চাইলে ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতার কারণেই দেশে ফেরাউনের শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এছাড়া নির্বাচন কমিশন স্বাধীন না হওয়ায় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলেও দাবি করেন তিনি।
আলী রীয়াজ বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় আসবে এবং এর ফলে দেশে দুর্নীতি কমবে।