বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা, ছেলে মো. সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক তিনটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কর্তৃক অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তার স্ত্রী ও সন্তানরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন—এমন প্রমাণ পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছে এবং তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।
এ লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানোসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিনটি আবেদনই মঞ্জুর করেন।