বিশেষ প্রতিনিধি, nipon।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই আদেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হিসেবে এই শিক্ষকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার এই নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সময় শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র ব্যবহার করে নিয়োগ দেখিয়ে প্রায় এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করা হয়।
দুদকের বর্তমান কেন্দ্রীয় দপ্তরের উপ-পরিচালক ও বরিশালের সাবেক সহকারী পরিচালক হাফিজুর রহমান ২০২০ সালের ৯ ডিসেম্বর ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বেঞ্চ সহকারী জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারক গ্রেফতারি আদেশ গ্রহণ করে ২১ শিক্ষকের বিরুদ্ধে তা জারি করেছেন।
গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকা শিক্ষকদের মধ্যে রয়েছেন পুতুল রানি মন্ডল, কল্যাণী দেবনাথ, গোলাপি রানি, সাবরিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ হোজরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।