বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষকে বিভক্ত না করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরোয়ার্ড-লুকিং বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, পেছনে ফিরে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না,জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।
বুধবার ( ২৮ জানুয়ারি )দুপুরে রাজধানীর উত্তর কাফরুলে ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। উত্তর কাফরুল হাইস্কুল থেকে তার জনসংযোগ কার্যক্রমের সূচনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন। তাকে আমি ওয়েলকাম করি। আসুন ময়দানে, আমরা সবাই সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে এবং সুশৃঙ্খলভাবে আমাদের প্রচার চালাই। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে স্বাগত জানাব।
তিনি নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, এখানে জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা আছে। কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, খেলার মাঠ, পার্ক বা ওয়াকওয়ে নেই। আমরা সমবেতভাবে এগুলো সমাধানের চেষ্টা করব এবং এলাকার জন্য একটি রূপকল্প তৈরি করেছি।
আজ বিকেলে তিনি মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলাসমাবেশে অংশ নেবেন। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদে গণসংযোগ ও পথসভা করবেন। এশার নামাজের পর মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় পথসভা করবেন তিনি।