বিশেষ প্রতিনিধি, nipon।।
ডিআর কঙ্গোর উত্তর কিভু প্রদেশের রুবায়ায় একটি খনি ধসে অন্তত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধসটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত কলটান খনিতে ঘটেছে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভূমিধসে খনি শ্রমিক, শিশু ও বাজারে আসা নারীদের মধ্যে বহু হতাহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুবায়ার খনিটি বিশ্বের মোট কলটানের প্রায় ১৫ শতাংশ উৎপাদন করে। কলটান থেকে ট্যানটালাম তৈরি হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান এবং গ্যাস টারবাইনের মতো উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশে ব্যবহৃত হয়। স্থানীয় শ্রমিকেরা হাতে খুঁড়ে খনিজ উত্তোলন করে দৈনিক মাত্র কয়েক ডলার আয় করেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সাল থেকে খনিটি রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য হচ্ছে রাজধানী কিনশাসার সরকারের বিরুদ্ধে আধিপত্য বিস্তার।
খবরটি সর্বশেষ পাওয়া পর্যন্ত, আহত ও নিহতের সংখ্যা নির্দিষ্টভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। রুবায়ার খনি এবং আশেপাশের এলাকা এখনও উদ্ধারকার্য চলছে।