বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। পাশাপাশি এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে বলতে চাই, আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন।
এনসিপি মুখপাত্র বলেন, যে দল বাকশালের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিনগুলো কীভাবে অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছে। এছাড়া ১/১১ এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভাঙার চেষ্টা করা হয়েছিল।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।
তিনি আরও জানান, রাজনৈতিক কারণে দীর্ঘদিন পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।