বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে এ রিট আবেদন দায়ের করেন। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন—এ সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রার্থিতা দাখিলের সময় হলফনামায় তিনি এ দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি।
রিট আবেদনে দ্বৈত নাগরিকত্ব গোপন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আইনজীবী জানান, আগামী মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে শুনানি হতে পারে বলে তারা আশা করছেন।