বিশেষ প্রতিনিধি, nipon।।
শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি ও বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হককে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সোমবার মাহমুদুল হকসহ মামলার মোট ৪০ জন আসামিকে আগাম জামিন প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০)। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে প্রত্যাহার করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনসহ মোট ৭৩৪ জনকে আসামি করা হয়েছে। আলোচিত এই মামলায় বিএনপির একাধিক প্রভাবশালী নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।