বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোটার আকর্ষণের জন্য প্রার্থীরা এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
সোমবার ( ০২ ফেব্রুয়ারি ) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। যার যার বক্তব্য, সে সে দেবে। রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবেই আসবে—এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে প্রায় ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে।
তিনি জানান, এবার নির্বাচনে বিএনসিসিও (BNCC) নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে, ফলে অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। এর আগে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, একইভাবে নির্বাচনও শান্তিপূর্ণ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।