বিশেষ প্রতিনিধি, nipon।।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি গত এক বছরেরও বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের বাইরে ছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে। কানাডা থেকে তিনি পদত্যাগপত্রটি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছে তার পারিবারিক সূত্র।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিনা ছুটিতে এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। ওই কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগেও রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে অপসারণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই—কেউ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত শেষে বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে চলে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বিচারিক দায়িত্বে নেই।
এ ছাড়া সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের একজন বিচারপতি মামনুন রহমান।