বিশেষ প্রতিনিধি, nipon।।
ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশকে কেন্দ্র করে সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. স ম খালিদুজ্জামান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্ট এলাকার ভেতর দিয়ে গানম্যানসহ প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দেন। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই এ কথা জানানো হলেও এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ডা. খালিদুজ্জামানকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।
এ ঘটনার ব্যাখ্যা দিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে অবস্থান স্পষ্ট করেন ডা. স ম খালিদুজ্জামান। পোস্টে তিনি বলেন, বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।
তিনি আরও দাবি করেন, বিষয়টি ইতোমধ্যে সমাধান হলেও একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
তার ভাষায়, দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
পোস্টের শেষাংশে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে অনভিপ্রেত আচরণ হিসেবে সমালোচনা করলেও, আবার অনেকে তার দুঃখ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছেন।