বিশেষ প্রতিনিধি, nipon।।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। অতীতের ফ্যাসিবাদী শাসনের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সামান্যতম বিচ্যুতিও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৬ বছর ধরে অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রের পক্ষপাতিত্বের কারণে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, যার ফলশ্রুতিতে স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, অনিয়ম, পক্ষপাতিত্ব বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাসহ সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনটিএমসি কর্তৃক তৈরি এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে নির্বাচনকে আরও স্বচ্ছ করা হবে।
তিনি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবাধ চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন এবং ভোটের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সভায় খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুলনা বিভাগের নির্বাচনি প্রস্তুতি সন্তোষজনক। তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, অপতথ্য নির্বাচন পরিবেশকে বিঘ্নিত করতে পারে। সব প্রস্তুতি সঠিকভাবে বাস্তবায়িত হলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।