বিশেষ প্রতিনিধি, nipon।।
ইসলামাবাদের তারলাই এলাকায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে একটি ইমামবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন বলে পাকিস্তানি গণমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
বিস্ফোরণের পর পুলিশ ও রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকেই বোমা রাখা ছিল তা নির্ধারণে তদন্ত করছে ফরেনসিক দল। বিস্ফোরণের পর রাজধানীর প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস), পলিক্লিনিক ও সিডিএ হাসপাতালে জরুরি বিভাগসহ অর্থোপেডিক, বার্ন ও নিউরোলজি বিভাগ চালু করে আহতদের এসব হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের পাকিস্তানে দুই দিনের সরকারি সফরের মধ্যে ঘটলো হামলাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে “কাপুরুষোচিত কাজ” উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান।
গত বছরের নভেম্বর মাসে ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছিলেন ঠিক তার তিন মাসেরও কম সময়ের মধ্যে সংঘটিত হলো বর্তমান হামলাটি।