বিশেষ প্রতিনিধি, nipon।।
নাটোর-১ আসনের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলার লালপুর উপজেলার কচুয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করে বলেন, রাত পৌনে আটটার দিকে তার শতাধিক সমর্থক ‘কলসি’ প্রতীকের পক্ষে কচুয়া বাজারে একটি মিছিল বের করেন। মিছিলটি বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ধানের শীষের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় তার অন্তত ১০ জন সমর্থক আহত হন, যাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, একই আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট হারুনুর রশিদ পাপ্পু বলেন, শুক্রবার রাতে কচুয়া বাজারে তাদের নির্বাচনী অফিসে কয়েকজন সমর্থক অবস্থান করছিলেন। এ সময় সালামপুর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক থেকে দেড়শ সমর্থক মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে। মিছিলটি ধানের শীষের নির্বাচনী অফিস অতিক্রম করার সময় তারা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে। এ সময় ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপির তিনজন সমর্থক আহত হন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা একজনকে আটক করে রেখেছিল, পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।