বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
২৫ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণার সহকারী সচিব এবিএম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হবে। এ ছুটি প্রযোজ্য হবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।