বিশেষ প্রতিনিধি, nipon।।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার কিছু আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচ্য সূচির মধ্যে বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও বৈঠকে আলোচনায় আসতে পারে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পেয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে বলে আশা করা হচ্ছে।