বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৪ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। কারাগারে মোট প্রায় ২,৬০০ জন হাজতি ও কয়েদি রয়েছেন।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি, বাকিরা বিচারাধীন মামলায় বন্দি থাকা হাজতি। দীর্ঘদিন বন্দি থাকা কয়েদিদের মধ্যে অনেকের ভোটার হিসেবে নিবন্ধন হওয়ার সুযোগ হয়নি। তাই তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেননি।
এ কারাগারে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হকও রয়েছেন। তবে তারা নাম নিবন্ধন করেননি এবং ভোট দেননি।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ২৭৩ জনের মধ্যে ২০৪ জনের তথ্য সম্পূর্ণ সঠিক থাকায় তাদের জন্য ব্যালট প্রস্তুত করা হয়। ভোট প্রদানের সময় ৩২ জন জামিনে ছাড়া পেয়েছেন, তাই তাদের ভোট নেওয়া যায়নি। ভোট দেওয়া ২০৪টি ব্যালট ইতিমধ্যেই পোস্ট অফিসে পাঠানো হয়েছে।
সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান সাংবাদিকদের বলেন, আমরা সবাইকেই ভোট দেওয়ার আহবান জানিয়েছিলাম। যারা ইচ্ছুক তারা নাম নিবন্ধন করেছেন। যারা ভোট দিয়েছেন তাদের ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।