বিশেষ প্রতিনিধি, nipon।।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রার্থীর প্রধান এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন মো. মনির হোসেন। তিনি নোয়াখালী-২ আসনের (সেনবাগ–সোনাইমুড়ী) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার প্রধান এজেন্ট। মনির হোসেন সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়নের ২নং মতইন ওয়ার্ড কেন্দ্রের প্রধান এজেন্ট এবং মতইন গ্রামের আবদুর রবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে মনির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, ইতোমধ্যে আমাদের কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং অনেক জায়গায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সাহাপুরে আমাদের এক প্রতিনিধির ওপর হামলা চালানো হয়। মনির হোসেনকে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।