বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার ( ০৯ ফেব্রুয়ারি ) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাবেন না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পরও ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকায়। ঢাকা মহানগরের ৪টি জোনের ৩৬ থানার ২১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য দায়িত্বে থাকবেন।
প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য থাকবেন, যাদের মূল দায়িত্ব হবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি বা বিশৃঙ্খলা প্রতিহত করা এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সমন্বয় বজায় রাখা।
মহাপরিচালক আরও বলেন, এই নির্বাচন আগের নির্বাচনের মতো নয়। আপনাকে যদি কেউ কেনার চেষ্টা করে সেটা করা যাবে না। কারণ এটি দেশের ১৮ কোটি মানুষের আমানত। খেয়ানত করলে আল্লাহও তা ক্ষমা করবেন না। আগামীর নতুন বাংলাদেশের এই আনসার-ভিডিপির এখান থেকেই শুরু হবে।
তিনি সমাবেশে যোগ করেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।