বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসবে এমন প্রত্যাশা দলের রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে বিএনপি মনে করছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং প্রতিপক্ষকে কখনো দুর্বল মনে করে না। তিনি অভিযোগ করেন, জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি সবসময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকে ভোট দিন এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।