বিশেষ প্রতিনিধি, nipon।।
দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের সম্পদ ও আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তার কোনো পরিবর্তন হয়নি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, গত বছরের জানুয়ারিতে তিনি তার সম্পদ ও আয়ের বিস্তারিত ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী, ঢাকার শাহীনবাগে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যাত্রাবাড়ীর দনিয়ায় আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি। এছাড়া, ময়মনসিংহে তার নামে একটি এবং তার স্ত্রীর নামে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। গ্রামের বাড়ি মাগুরায় তার মালিকানায় রয়েছে ৪০ শতাংশ কৃষিজমি।
তিনি জানান, দায়িত্ব ছাড়ার সময়েও তার সম্পদের অবস্থান একই আছে। বর্তমানে তিনি তিনটি ফ্ল্যাটের মালিক, তার স্ত্রী একটি ফ্ল্যাটের মালিক এবং কৃষিজমির মালিকানাতেও কোনো পরিবর্তন হয়নি।
ব্যাংক হিসাব সম্পর্কে শফিকুল আলম বলেন, তার নামে একটি মাত্র ব্যাংক হিসাব রয়েছে, যা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। দায়িত্ব নেওয়ার সময় ওই হিসাবে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে হিসাবের স্থিতি দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ টাকায়।
অতিরিক্ত ৯ লাখ টাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা এসেছে তার শ্যালকের কাছ থেকে, যিনি আগে তার কাছ থেকে ধার নেওয়া অর্থ পরিশোধ করেছেন। এছাড়া, তার বড় ভাই ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।
সব অর্থের উৎস স্পষ্ট ও যাচাইযোগ্য উল্লেখ করে শফিকুল আলম বলেন, তার আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ে কেউ অনুসন্ধান করতে চাইলে তিনি তা স্বাগত জানান।
পোস্টের শেষাংশে রসিকতার সুরে তিনি উল্লেখ করেন, তার সেই ‘নকল বারবারি মাফলার’টিও এখনো তার কাছেই আছে।