বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে বেশ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন; জরুরি সেবা, ঔষধ ও স্বাস্থ্য-চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন; সংবাদপত্র পরিবহনকারী যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এছাড়া বিমানবন্দরে যাওয়া-আসার ক্ষেত্রে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে যানবাহন চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন এবং স্থানীয় পর্যায়ে দূরপাল্লার যাত্রী হিসেবে যাতায়াতের ক্ষেত্রেও শিথিলতা প্রযোজ্য হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনক্রমে চলাচলের সুযোগ পাবে।
নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে। টেলিযোগাযোগ সেবা জরুরি সেবা হিসেবে বিবেচিত হওয়ায় বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও শিথিলতার আওতায় থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা বা মহানগর এলাকায় প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কসহ সংশ্লিষ্ট রাস্তাগুলোতে প্রয়োজনীয় ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রদান করা হয়েছে।