বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ বড় শহরগুলোর ভোটকেন্দ্রে বুধবার সন্ধ্যার মধ্যেই ব্যালট বক্স পৌঁছে যাবে। আর ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে রাতের মধ্যেই ব্যালট পেপার-বক্সসহ সব ধরনের সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন—সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট।
এবারের নির্বাচনে প্রাথমিকভাবে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ৩০০টি আসনের মধ্যে একটি আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, মোট ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে ঠিক কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি।
নিরাপত্তা নিশ্চিত ও সার্বক্ষণিক নজরদারির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।