বিশেষ প্রতিনিধি, nipon।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে অবস্থিত নীলা মার্কেট চত্বরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান এবং দোকানের ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, বিভিন্ন খাদ্যপণ্য এবং নগদ টাকাসহ অধিকাংশ মালামাল আগুনে পুড়ে যায়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের লাগার কারণ জানা যায়নি।