বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলও গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল প্রকাশ করে ইসি।
আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে। এছাড়া জামায়াতের এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছে।
গেজেট প্রকাশের পর দ্রুত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সামনে রমজান মাস থাকায় শপথ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে ‘রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি’ নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। সংবিধান অনুযায়ী, নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে কেউ শপথ না নিলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
ইসি জানিয়েছে, এবারের গণভোট ও সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, এর আগে অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে,৮৭ দশমিক ১৩ শতাংশ। আর সর্বনিম্ন ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে,৪৯ দশমিক ৬৭ শতাংশ।
গণভোটে চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ ভোট এবং দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার জন ‘না’ ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইসি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২১২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি জোট। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে জয়ী হয়েছে ৮টি আসনে।