বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদের জন্মদিন আজ। ১৯৬১ সালে ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পীর মা প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা খ্যাতিমান সুরকার ও সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। ছোটবেলা থেকে সংগীত পরিবারেই বেড়ে ওঠায় সংগীতচর্চার মধ্য দিয়ে ঘটে তাঁর শিল্পীসত্তার বিকাশ।
শাফিন আহমেদ বাবার কাছ থেকে উচ্চাঙ্গসংগীত এবং মায়ের কাছ থেকে নজরুলসংগীতের তালিম নেন। পরবর্তী সময়ে পড়াশোনার সূত্রে ইংল্যান্ডে অবস্থানকালে পাশ্চাত্য সংগীতের সঙ্গেও ঘনিষ্ঠ পরিচয় হয় তাঁর। এই বহুমাত্রিক সংগীতশিক্ষা পরবর্তীকালে তাঁর গায়কিতে স্বতন্ত্র বৈশিষ্ট্য এনে দেয়।
উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে ব্যান্ডসংগীতে যুক্ত হয়ে জনপ্রিয় ব্যান্ড মাইলস–এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে বাংলা ব্যান্ডসংগীতে নিজের আলাদা অবস্থান গড়ে তোলা এই শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত–শ্রোতা ও সহশিল্পীরা।