বিশেষ প্রতিনিধি, nipon।।
সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে। এমনটাই বললেন, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে কোথাও সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেসসচিব বলেন, আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। তিনি আরও বলেন, এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে, যার পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব, আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন।
তিনি জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদরদপ্তরে বসে প্রায় দেড় ঘণ্টা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলেও জানান শফিকুল আলম। এ সময় তিনি সরাসরি ১৭টি ভোটকেন্দ্রের সঙ্গে কথা বলেছেন।
হাতিয়ায় সংঘটিত ধর্ষণের ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, সরকার একটি কমিটি গঠন করবে, যা ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।
এদিকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে।
ব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন সুদৃঢ় করতে কাজ করে যাবে।