বিশেষ প্রতিনিধি, nipon।।
চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে পাকিস্তানের হকি দল অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ খেলতে গিয়ে। গুঞ্জনে শোনা যায় রাতে খেলোয়াড়দের হোটেলের বাইরে অবস্থান করার পাশাপাশি খেলোয়াড়রা নিজেরাই খাবার রান্না করে খেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ অব্যাবস্থাপনার অভিযোগে দিয়েছেন তদন্তের নির্দেশ।
এদিকে পাকিস্তানের স্পোর্টস বোর্ড (পিএসবি) ও হকি ফেডারেশন (পিএইচএফ) এই বৈশ্বিক টুর্নামেন্টে হকি খেলোয়াড়দের এমন ভোগান্তি ও অব্যবস্থাপনা নিয়ে একে অপরের দিকে দায় চাপাচ্ছে তারা। জার্মানি ও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ হেরে দুই পর্ব মিলিয়ে জয়শূন্য অভিযান শেষ করে গতকাল (মঙ্গলবার) গভীর রাতে পাকিস্তানের লাহোরে ফিরেছে হকি দল।
নির্ধারিত সময়ের পর হোটেল বুকিং এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থা নিয়ে খেলোয়াড়দের ক্ষোভ অসন্তুষ্টি খেলার প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে,আর্জেন্টিনায় অনুষ্ঠিত প্রো হকি লিগের প্রথম পর্বের আবাসন বাবদ ৩,৭৫০ মার্কিন ডলার এখনও বকেয়া রয়েছে পাকিস্তান দলের।
হকি ফেডারেশনের সভাপতি তারিক হুসেইন বুগতি "ডন" এর তত্থ্যের সুত্র ধরে বলেছেন, ‘হোটেল বুকিং, বিমান ভ্রমণ, টিএ/ডিএ এবং ভিসাসহ সব লজিস্টিক ও আর্থিক দায়িত্ব পিএসবি’র ওপর ন্যস্ত ছিল। ক্রীড়াবিষয়ক সিনেট স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী এফআইএইচ প্রো লিগে দলের অংশগ্রহণ সংক্রান্ত আর্থিক বিষয়গুলো পিএসবি দেখভাল করবে।
পিএসবি’র কর্মকর্তা রানা নাসরুল্লাহ পাল্টা দাবি করে বলেছেন ‘টিম ম্যানেজমেন্টের কাছে পর্যাপ্ত অর্থ ছিল এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছেও ১,৬৫০ মার্কিন ডলার ছিল। তাহলে আবাসন নিয়ে অব্যবস্থাপনা কেন? খেলোয়াড়দের নিজেদের খাবার প্রস্তুত করতে হয়েছে।’
পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হকি দলের ভোগান্তি সংক্রান্ত তদন্তের নির্দেশনা দিয়ে বিবৃতিতে জানানো হয়েছে ,‘ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গণমাধ্যমে প্রকাশিত হকি সংশ্লিষ্ট অব্যবস্থাপনার বিষয়ে নজর দিয়েছেন এবং তদন্তে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’