বিশেষ প্রতিনিধি, nipon।।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ অবরুদ্ধ ছিল, তবে এবার সেই একুশ মুক্ত। তাই এবারের একুশের অনুভূতি ভিন্ন রকম।
শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হয়েছে। এর ফলে জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তিনি বলেন, “আমরা যে গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা করছি এবং জনগণ যে প্রত্যাশা করছে, তা হলো—বাংলাদেশে সত্যিকার অর্থে ইনসাফভিত্তিক একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।”
তিনি আরও বলেন, একুশের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই চেতনার ভিত্তিতেই আগামী দিনে সরকার এগিয়ে যাবে। নতুন একুশের প্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করা, সংস্কৃতিকে এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সুসংহত করাই হবে সরকারের লক্ষ্য।