বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। আলজাজিরার সংবাদে ওয়াশিংটনের অভিযোগ আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানে নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ইউএস সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে শুক্রবারে অভিযানে তিনজনের নিহতের ঘটনাটিকে প্রাণঘাতী সামরিক আঘাত হিসেবে বর্ণনা করে জানায়, এটি এমন এক এলাকায় চালানো হয়েছে যা মাদক পাচারের পরিচিত রুট। তবে নিহত ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় ৪৩টি অভিযানে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে চলতি সপ্তাহেই প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে তিনটি পৃথক অভিযানে মোট ১১ জনকে হত্যা করেছে।
জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমবিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সাউল বলেন, নৌযানে হামলার ঘোষণা আসলে সমুদ্রে বেসামরিক লোকজন হত্যার স্বীকারোক্তির সামিল উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে জাতীয় বা আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি করার আহ্বান জানান তিনি।
এ ধরনের অভিযানের বৈধতা নিয়ে লাতিন আমেরিকার কয়েকজন নেতা,আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা অভিযোগ তুলে জানিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই সেখানে এভাবে অভিযান চালানো যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।