বিশেষ প্রতিনিধি, nipon।।
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে তবে এই সম্মানী কত টাকা তা এখনও নির্ধারণ করেনি সরকার।
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে সঙ্গে নিয়ে মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে যা পর্যায়ক্রমে সারাদেশে চালু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ প্রধানমন্ত্রীর ৩য় কর্মদিবসে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিসে অনেক পুরোনো কর্মজীবীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পলিসি কার্যক্রম নিয়েও আলোচনা করেছেন তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।