বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর নতুন প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, মশক নিধন, বনায়ন এবং পরিচ্ছন্ন সিটি গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম।
তিনি বলেন, ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার কার্যত অকার্যকর ছিল। সবকিছু দলীয়করণ করা হয়েছিল এবং নির্বাচন ছিল না। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকারেও নির্বাচনকে দখল করা হয়েছিল।
আবদুস সালাম আরও বলেন, জনগণের প্রাপ্য সেবাগুলো নিশ্চিত না করে একটি দলকে টিকিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন ছিল, তা-ই করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের হারিয়ে যাওয়া অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিটি কর্পোরেশনগুলোতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, জনগণের ভোগান্তি ও দাবি-দাওয়া সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হবে। যেসব সমস্যা স্থানীয়ভাবে সমাধান সম্ভব নয়, সেগুলো সরকারের সহায়তায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, আজ মন্ত্রীর কাছ থেকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদেরকে মশক নিধন, বনায়ন কার্যক্রম জোরদার এবং নগরী পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন।