বিশেষ প্রতিনিধি, nipon।।
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের হোটেল বুকিংয়ের ওপর জারি করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠন। মূলত দুই দেশের মধ্যকার সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
২০২৪ সালের ৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার জেরে বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোতে সেই সময় বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনার প্রতিবাদে আবাসন সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ।
গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিত থাকা এবং
উভয় দেশের সরকার সীমান্ত ভ্রমণে বিধিনিষেধ শিথিল করায় এবং ভিসার প্রক্রিয়া পুনরায় সহজ হওয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতে পর্যটকদের জন্য হোটেলের দুয়ার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা তুলে নিলেও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে হোটেল মালিকদের সংগঠন জানিয়েছে, ভবিষ্যতে যদি আবারও ভারতের জাতীয় পতাকা বা দেশের প্রতি কোনো ধরনের অবমাননাকর ঘটনা ঘটে, তবে তারা পুনরায় কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। বর্তমানে ২৫০টি হোটেলকে আইনি ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলে বাংলাদেশি অতিথিদের সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।