বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, মঙ্গলবার মন্ত্রিপরিষদের উপ-কমিটির সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপ-কমিটির সুপারিশ অনুযায়ী প্রকল্পটির পাইলটিং কার্যক্রম অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১০ মার্চ একযোগে দেশের ১৪টি উপজেলার নির্ধারিত ইউনিয়ন ও ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির সুবিধাভোগী মা-বোনরা প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
মন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার স্বাবলম্বী হয় এবং এর ইতিবাচক প্রভাব আগামী প্রজন্মের ওপরও পড়ে। তিনি উল্লেখ করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার এবং প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে এ প্রকল্প নিয়ে কাজ করেছেন।
সুবিধাভোগীদের তালিকা সরাসরি মাঠ পর্যায়ে ‘ডোর টু ডোর’ পদ্ধতিতে সংগ্রহ করা হবে বলেও জানান মন্ত্রী। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য করা হবে না। পাইলটিং কার্যক্রম সফল করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নেতৃত্বে পৃথক কমিটি গঠন করা হবে। তথ্যগত ভুলভ্রান্তি কমাতে দুই স্তরের ‘চেকিং ও রি-চেকিং’ ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী চার মাসের মধ্যে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে এবং পরবর্তী সময়ে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে।