বিশেষ প্রতিনিধি, nipon।।
রাষ্ট্রের শীর্ষ দুই পদধারীর নজিরবিহীন উদ্যোগে সড়কে ভিআইপি সুবিধা কমিয়ে সাধারণ মানুষের মতো চলাচলের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জনভোগান্তি লাঘব ও ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ গাড়িবহর নিয়ে রাজধানীর সড়কে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করেছেন।
বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে বঙ্গভবন থেকে নির্ধারিত গন্তব্যে যাওয়ার সময় রাষ্ট্রপতির গাড়িবহর অন্যসব যানবাহনের সঙ্গে সমানভাবে ট্রাফিক সিগন্যাল মেনে চলে। ঢাকা মহানগর পুলিশ–এর রমনা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ জানান, হাইকোর্ট মাজার ও বাংলামোটর এলাকায় ট্রাফিক সিগন্যালে রাষ্ট্রপতির গাড়িবহর নিয়ম অনুযায়ী থেমেছে এবং কোনো বিশেষ সুবিধা গ্রহণ করা হয়নি।
এর আগে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান একই উদ্যোগ নেন। তিনি নিজ গাড়িবহর নিয়ে সাধারণ মানুষের মতো সড়কে চলাচল শুরু করেন এবং পুলিশ বিভাগকে স্পষ্ট নির্দেশনা দেন জনদুর্ভোগ এড়াতে সড়কে যেন কোনো ভিআইপি জট বা অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি না হয়।
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা আসায় নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, শীর্ষ নেতৃত্ব আইন মেনে চললে সাধারণ মানুষের মধ্যেও নিয়ম মানার প্রবণতা বাড়বে এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।