বিশেষ প্রতিনিধি, nipon।।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে গতকাল খান আকরাম হোসেনের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। একই মামলায় বাগেরহাটের খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
রায়ের দিন সকালে সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মামলার তিন আসামির মধ্যে শেখ সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটি প্রমাণিত হয়েছে।
প্রমাণিত পাঁচ অভিযোগে সিরাজুল হককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, যা ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ ছিল। অন্যদিকে, প্রমাণিত এক অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন।
মামলার অপর আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আপিল বিভাগের এ রায়ের ফলে খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ড বাতিল হলো।