বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে দিনটি পালন করছে দলটি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিপ্লব, বিকল্প, বিনির্মাণ’ আদর্শ ধারণ করে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি। এ ছাড়া দলটি ১০ দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরেই গড়ে ওঠে এনসিপি। গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটে। ওই দিন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন।
দলটির নেতারা জানান, প্রতিষ্ঠার পর থেকেই জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে সরব রয়েছে এনসিপি। প্রথম বছরেই দলটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমানে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে প্রথম বছরের মধ্যেই এনসিপির চল্লিশের বেশি নেতা দল ছাড়েন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে নেতারা বলছেন, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এনসিপির নেতারা জানান, সামনের দিনগুলোতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রেখে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে দলটি।