বিশেষ প্রতিনিধি, nipon।।
অধিকৃত পূর্ব জেরুজালেমে রমজানের দ্বিতীয় জুমায় কড়া নিরাপত্তা সত্ত্বেও আল আকসা প্রাঙ্গণে অন্তত ১ লাখ ফিলিস্তিনি মুসল্লি নামাজ আদায় করেছেন। যদিও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উপস্থিতি কম ছিল, তবুও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল চোখে পড়ার মতো ছিল।
ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সংবাদদাতাদের মতে, অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরের প্রবেশপথ, অলিগলি ও আল আকসার বাইরের ফটকগুলোতে ব্যাপক ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল। হাজার হাজার ফিলিস্তিনি ভোরের আগেই মসজিদমুখী হন, তবে অনেককে পশ্চিম তীর থেকে শহরে প্রবেশে বাধা দেওয়া হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ রমজান শুরুর আগে ঘোষণা করেছিল প্রতি জুমায় সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। গত সপ্তাহের প্রথম জুমায় প্রায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। যুদ্ধ-পূর্ব সময়ের রমজানের জুমার তুলনায় বর্তমানে অংশগ্রহণ কিছুটা কম হলেও, প্রথা অনুযায়ী লাখো ফিলিস্তিনি পশ্চিম তীর থেকে আল আকসায় আগমন করেন।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলার পর থেকে পূর্ব জেরুজালেমে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। সামরিক চেকপোস্টগুলোতে সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে বিশেষ অনুমতিপত্র দিয়ে শহরে ঢোকার সুযোগ দেওয়া হলেও, অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন বলে অভিযোগ উঠেছে।