বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট অস্থিরতার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে।
অন্যদিকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। বিকেল পর্যন্ত ইউএস-বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত কোনো উড়োজাহাজ আকাশে ছিল না; সব বিমান নিজ নিজ এয়ারপোর্টে অবস্থান করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।