বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীতে শনিবার ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় আসামি শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। অনৈতিক প্রস্তাব ও সামান্য কথা কাটাকাটিতে ওবায়দুল্লাহকে ৭ টুকরো করেছে ওবায়দুল্লাহর রুমমেট শাহীন। রোববার (১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মতিঝিলের ডিসি হারুন-অর-রশীদ।
পুলিশ জানিয়েছে, ২৭ তারিখ রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর সাতটি অংশে খন্ডিত করা হয়েছিলো ওবায়দুল্লাহর মরদেহ। হত্যার কাজে ব্যবহৃত চাপাতি ও নিহত ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে মতিঝিলের ডিসি হারুন-অর-রশীদ হত্যার কারণ জানিয়ে বলেন,নিহত ওবায়দুল্লাহ একটি হোমিও দোকানের এবং শাহীন হিরাঝিল হোটেলে কাজ করতো। জসিমউদদীন রোডের একটি মেস বাসায় রুমমেট হিসেবে একসঙ্গে থাকতো তারা। ঘটনার দিন ওবায়দুল্লাহ রাতে রুমে জোরে কথা বলায় শাহীন তাকে আস্তে কথা বলতে বলে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক ও কথা কাটাকাটির একপর্যায় রাগে-ক্ষোভে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহীন।