বিশেষ প্রতিনিধি, nipon।।
দক্ষিণ সুদানে সশস্ত্র একদল যুবক উত্তরের রুয়েং প্রশাসনিক এলাকায় ভোররাতে হামলা চালিয়ে অন্তত ১৬৯ জনকে হত্যা ও আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার ভোররাতের এই হামলায় ৯০ জন শিশু, নারী ও বৃদ্ধ এবং ৭৯ জন পুলিশসহ আঞ্চলিক বাহিনীর সদস্যও রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রুয়েং প্রশাসনিক এলাকার তথ্যমন্ত্রী জেমস মনিলুয়াক মিজোকের দাবি, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিল এবং তারা সুদান পিপলস লিবারেশন আর্মি ইন অপোজিশন (এসপিএলএ-আইও)-এর সঙ্গে সম্পৃক্ত। ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) হামলাকারীরা রুয়েংয়ের আবিয়েমনম কাউন্টিতে প্রবেশ করে, যখন অধিকাংশ মানুষ ঘুমে ছিল। ফলে তারা সম্পূর্ণভাবে ‘অপ্রস্তুত’ অবস্থায় হামলার শিকার হয়।
তবে এসপিএলএ-আইও মিজোকের এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউনিটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশে সহিংস ঘটনাকে ব্যবহার করছে। রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের কারণে দেশটি আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ।