বিশেষ প্রতিনিধি, nipon।।
সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছরের বেশি বয়সী এবং শিক্ষার্থীদের জন্য । আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ঈদ সামনে থাকায় এ সুবিধাটি ঈদের আগেই চালুর ইচ্ছা রয়েছে তবে সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ। আগামী কোরবানির ঈদের আগেই এটি নিশ্চিতভাবে কার্যকর করা হবে।’ এই সুবিধা পেতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া পরিচয়পত্র দেখালে ছাড় পাওয়া যাবে।
মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন,শ্রেণিভিত্তিক কোনো বিবেচনা না করে বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় নির্দিষ্ট অপশনে প্রয়োজনীয় আইডি বা কাগজপত্রের তথ্য দিলে ২৫ শতাংশ ভাড়া ছাড় প্রযোজ্য হবে।’